Category: অজ্ঞাতনামা লেখক

  • পলাতক

    পলাতক

    আজ বুঝি চুপি চুপি হলে পলাতক,
    খুলে গেছে তোমাদের রঙিন নির্মোক।
    এখানের স্পর্শটুকু নিতান্ত মামুলি,
    ওখানের খণ্ড খণ্ড ইতিহাসে ভরে ওঠা ঝুলি
    নিঃশেষ করেছি। তাই আর কোন ঠাঁই
    পরখের প্রবৃত্তি নাই।
    অনেক চেয়েছি স্বাদ সকালে সন্ধ্যায়,
    এবার বিদায়!

    তোমাদের চিনেছি সবই,
    তোমরা মুখর আর আমি মুক কবি
    নিশিদিন অতৃপ্তির গণন রচি বসে,
    মেরুদণ্ড হৃদ্‌পিণ্ড ক্রমে যায় ধ্বসে।

    তাই আজ দেয়ালে দেয়ালে
    কালো কালো ইস্তাহার লাগাই খেয়ালে।

  • মাটি ও মানুষ

    মাটি ও মানুষ

    আমার দেশের কালো মানুষেরা ভালো,
    হোক তারা ষত কালো।
    আমার দেশের মিঠে মাটি কাদা জল,
    তারা ভাল উর্বর আর সুশীতল।

    বর্ষায় মাটি পেলব কোমল মায়ের মমতাসম,
    গ্রীষ্মে কঠিন বজ্রের মতো নিষ্ঠুর রুঢ় ষম।
    আমার দেশের মাটি ও মানুষে মিল,
    তাদের মনের দুয়ারে নেই তো খিল!

  • মৃত্যু

    মৃত্যু

    নদীর তীরে ওই ডালিম গাছের ধারে
    ছোট্ট কুঁড়ে ঘরে বাঁশের বেড়ার ফাঁকে
    সেদিন সহসা সূর্যের আলো এসে পড়েছিল,
    যেদিন জন্ম নিয়েছিল একটি প্রাণ
    নিষ্কৃত্রিম আর্তনাদে সরবে শঙ্খ রবে।

    তারপর কত কাল পার হয়ে গেছে
    সেই শিশুর কৈশোর যৌবন স্মৃতি বুকে নিয়ে;
    সেই কুঁড়ে ঘরে যে প্রাণের জন্ম হল,
    আজ সে যেন বেঁচে রইল অন্য নামে অন্য পরিচয়ে।
    কবে তার তথাকথিত মৃত্যু ঘটেছে ইঁট পাথরের ঘরে,
    সে কথা ওই ডালিম গাছ আর বলতে পারবে না;
    কোন প্রমাণও নেই কুঁড়ে ঘরের বাঁশের বেড়ার ফাকে,
    যেখানে সূর্যের আলো আজ পথ হারিয়েছে।

    আজ মনে হয়, ওই কুঁড়ে ঘর আর ডালিম গাছটা
    অতল পাতালে তলিয়ে গেছে নদীর ভাঙাগড়ার খেয়ালী খেলায়।
    প্রভাতের শেষে প্রখর রৌদ্রের তাপে
    শিশির বিন্দু যখন বাষ্প হল, আর
    ডালিমের রাঙা রঙ ফিকে হল, কিংবা
    মাটির বুকে নিরস ইট কাঠ ধাতু তপ্ত হল,
    তখন পুনর্জন্মের ধূসর খোলস নিয়ে কঠিন বর্মে আবৃত
    কাচঘরের মতো নিদারুণ নির্মম পৃথিবীর মুখোমুখি
    দৃপ্ত ভঙ্গিমায় সে দাঁড়ালে, তাকে আদৌ চেনা যায় না।
    রঙ করা কাঠপুতলি বিদূষকের পোষাকে বেমানান,
    বেকুবের ভূমিকা নিয়ে সে বেঁচে আছে
    তোমাদেরই কাছে কাছে, যেখানে চিরমৃত্যু ঘটেছে
    তার যত্নলালিত কুশপুত্তলিকার দরিদ্র জন্মস্মৃতির।

  • গরীয়সী

    গরীয়সী

    যুগ যুগ ধরে কত মণি মুক্তা রত্ন
    এই দেশের মাটিতে ছড়ানো রয়েছে, তার হিসেব নেই!
    এমন সোনার দেশ আর কোথাও আছে কিনা,
    আমার জানা নেই।

    সমুদ্রে অরণ্যে পাহাড়ে মাটিতে খনিতে সমৃদ্ধ
    এই সোনা দেশের ধনী মেরুদণ্ডের বনেদি রূপরেখা
    সারা পৃথিবীর বিস্মিত চোখে কী অদ্ভুত, কী সুন্দর!
    আকাশে আকাশে নীলিমার স্নেহের আভাস
    বাতাসে বাতাসে মুক্তিগানের আনন্দোচ্ছ্বাস
    জীবনের অন্তস্তলে আনে সূর্যালোকের আশীর্বাদের ফোয়ারা।
    এমন সোনার দেশ আর কোথাও আছে কিনা,
    আমার জানা নেই।

    এই মাটি দিয়েছে আমায় পা রাখবার স্থান,
    এই মাটি দিয়েছে আমার ক্ষুধায় অন্ন জল,
    এই মাটির বুকে জন্মেছি বেঁচেছি বেড়েছি;
    এই মাটিই আমার জীবনে স্বর্গাদপি গরীয়সী!
    আমার জীবনের শ্রেষ্ঠ ধনদৌলতের অফুরন্ত ভাণ্ডার,
    আমার রাজকোষের সব হীরে পান্না জহরত,
    আর আমার এই জীবন্ত প্রাণটার সব কটা টুকরো
    এখানে এই মাটির বুকেই আমি কুড়িয়ে পেয়েছি।
    এমন সোনার দেশ আর কোথাও আছে কিনা,
    আমার জানা নেই।

  • প্রণাম

    প্রণাম

     

    এ মুগ্ধ হৃদয়ের একটি প্রণাম,
    হে মাটি, তোমার ওই পায়ে রাখলাম।